নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ঐতিহ্যবাহী পুঠিয়ার ভুবনেশ্বর শিব মন্দিরে হঠাৎ করেই প্রবেশ ফি চালুর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভক্ত ও পুণ্যার্থীরা। এ সিদ্ধান্তকে ‘অযৌক্তিক চাঁদাবাজি’ উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
শত শত বছর ধরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও দর্শনের জন্য ভক্তদের উন্মুক্ত এই মন্দিরে হঠাৎ করে প্রবেশমূল্য চালু করায় স্থানীয় ও আগত পুণ্যার্থীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ভক্তদের অভিযোগ, মন্দির হলো সবার জন্য উন্মুক্ত ধর্মীয় স্থান। সেখানে প্রবেশের জন্য অর্থ আদায় ভক্তির পথে বড় বাধা। তারা বলেন, “মন্দির ভক্তদের জন্য উন্মুক্ত স্থান, এখানে কোনো প্রকার প্রবেশমূল্য চাপিয়ে দেওয়া ধর্মীয় অধিকার লঙ্ঘনের শামিল।”
এ ঘটনার পর পুঠিয়া ও আশপাশের এলাকায় প্রতিবাদের ঝড় বইতে শুরু করেছে। ভক্তরা ভুবনেশ্বর শিব মন্দিরকে অবিলম্বে প্রবেশমূল্যমুক্ত করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, পুঠিয়ার ভুবনেশ্বর শিব মন্দির দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় ধর্মীয় স্থাপনা। তবে ধর্মীয় ভক্তদের জন্য হঠাৎ প্রবেশ ফি চালুর এই উদ্যোগ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা চলছে।