চট্টগ্রাম: আসন্ন জাতীয় নির্বাচনে সনাতনী সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করে বিএনপি। দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই সনাতনীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপি নেতারা বলছেন, ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে। চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার করতে চান না, কারণ আমরা সবাই বাংলাদেশী এবং সবার আগে বাংলাদেশ।” তিনি আরও বলেন, “ধর্ম যার যার, দেশ সবার।”
গত ২৮শে জুলাই নগরীর প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘পূজায়ণ’র তৃতীয় বর্ষপূর্তি ও শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শাহাদাত এসব কথা বলেন। তিনি বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়ব, যার নেতৃত্ব দেবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান।” তিনি তারেক রহমানের বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ডাঃ শাহাদাত নিজেকে নগরপিতা হিসেবে নয়, বরং নগরীর সেবক হিসেবে উল্লেখ করে বলেন, “আমার লক্ষ্য একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও সবুজ নগরী গড়ে তোলা, যেখানে আপনাদের সর্বোচ্চ অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে আশীর্বাদক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী দেবদীপানন্দপুরী মহারাজ। ‘পূজায়ণ’-এর সভাপতি তুর্জয় দাশ জয়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সিলেটের যুগ্ম জেলা জজ প্রবাল চক্রবর্তী, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সনজয় চক্রবর্তী মানিক, বাপ্পী দে, মিঠুন বৈষ্ণব, রাহুল দে, প্রান্ত সাহা, নয়ন শীল, উল্লাস দাশ, অর্ক দাশ, জিশান ঘোষ, সৃজল বনিক, সৌম্য চৌধুরী, টিটু কান্তি দাশ প্রমুখ।